মালিকুজ্জামান কাকা:
যশোরের ঝিকরগাছা পৌরসভা একটি আধুনিক, পরিবেশে উপযোগী এবং উন্নয়নের আদর্শ নগরীতে রূপান্তরের পথে রয়েছে।
এ লক্ষ্যে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদকে কেন্দ্র করে একটি রূপসী পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য একটি ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। কপোতাক্ষ নদকে ঘিরে নেয়া এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও পর্যটন ক্ষেত্রের জন্য নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ঝিকরগাছা পৌরসভার সমগ্র অবকাঠামো ও নগর ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসবে। একই সঙ্গে, দীর্ঘমেয়াদে পৌরসভার জন্য একটি উল্লেখযোগ্য আয়ের উৎস হয়ে উঠতে পারে পর্যটন খাত, বিশেষত ফুল পর্যটন কেন্দ্রের কারণে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিনিয়োগ পরিকল্পনা, পৌরের উন্নয়ন পরিকল্পনা এবং সিআরএপি বিষয়ক একটি দীর্ঘ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।
এই কর্মশালায় ঝিকরগাছা পৌরসভার উদ্যোগে নানা সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এবং সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার। বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, এবং আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রকল্প বাস্তবায়নে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হবে সে বিষয়ে আলোচনা করেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক আজমিরা আক্তার, আর্কিটেক ফারহানা ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামসহ অন্যান্যরা। দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্টরা জানান যে, ঝিকরগাছা পৌরসভাকে টেকসই নগর অবকাঠামো এবং পরিষেবার প্রসার ঘটানো, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি, নগর সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা, পরিকল্পনা করা, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে কার্যকর করা এবং টেকসই ফলাফল অর্জনের জন্য পৌরসভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো নির্মাণ করা এবং সুবিধার উন্নয়ন সাধিত হবে।

