স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে জুলাই ২৪ শহীদ পরিবারের সদস্যদের চেয়ারে বসতে না দিয়ে লাঞ্ছিত করা এবং পরবর্তীতে তাদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমারখালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ০৮ মে ২০২৩ তারিখে শিলাইদহ কুঠিবাড়িতে কুষ্টিয়া জেলার জুলাই ২৪-এর শহীদ পরিবারদের কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হলে তাদের জন্য বরাদ্দকৃত আসনে বসতে বাধা দেওয়া হয়। ১২টি শহীদ পরিবারের সদস্যদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রেখে অপমান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শহীদ পরিবার সোসাইটি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সুজন মাহমুদ জানান, এই লাঞ্ছিত অপমানের প্রতিবাদ করায় অনুষ্ঠানের ভেতর থেকে কতিপয় ব্যক্তি তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে কুমারখালী উপজেলার প্রশাসনকে বিষয়টি জানানো হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাদের নিরাপত্তা দিয়ে দ্বিতীয় গেট পর্যন্ত পৌঁছে দেন। তবে প্রথম গেটে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলায় সুজন মাহমুদ গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ১৬ জন নামীয় এবং আরও ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মোঃ সবুজ হোসেন, বিপুল হোসেন, সুমন আহমেদ, নূর আলম, হামিদুল এবং আবু হানিফসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শহীদ পরিবারের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কুমারখালী থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

