Site icon দৈনিক নবদিগন্ত

বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৪০ লাখ টাকার

বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৪০ লাখ টাকার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার পেতনিমারা বিলে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক মো. ইয়ামিন শেখ (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ইয়ামিন শেখ দীর্ঘদিন ধরে প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমির ঘেরে গলদা ও বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। পূর্ব বিরোধের জেরে তাকে ঘের থেকে উচ্ছেদের উদ্দেশ্যে একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল উজলপুর বাজার এলাকায় ধানে পানি দেওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রকাশ্যে ঘেরে বিষ প্রয়োগের হুমকি দেয়। পরে ৭ মে রাত থেকে সকাল পর্যন্ত কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়।

পরদিন সকালে ঘেরে গিয়ে মালিক দেখতে পান, গলদা, বাগদা চিংড়িসহ বিভিন্ন মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ ঘটনায় মো. আলামিন মোল্লা ও মো. এনামুল শেখসহ ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে।

ঘের মালিক ইয়ামিন শেখ দাবি করেন, বিষ প্রয়োগে তার প্রায় ৪০ লাখ টাকার মাছ মারা গেছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের কাছে বিষয়টি জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

স্থানীয় গ্রাম পুলিশ রিয়াজ শেখ বলেন, অভিযুক্তদের পক্ষ থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল। তবে কারা বিষ প্রয়োগ করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার।

স্থানীয় বিএনপি নেতা হাকিম শেখ বলেন, এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আলামিন মোল্লা বলেন, পূর্বে কথা কাটাকাটি হলেও তিনি কোনো হুমকি দেননি। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Shamsul Arefin জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version