মো: আল-মাহফুজ শাওন
তারুণ্যের উচ্ছ্বাস ও দৃষ্টিনন্দন স্টান্টে মুখর হয়ে উঠেছিল খুলনা মহানগরী। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতা। এ আয়োজনকে ঘিরে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১ মে) দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর।
অনুষ্ঠানে তিনি খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, সাইকেল চালকদের জন্য আলাদা লেন ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুললে নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে, দুর্ঘটনা ও যানজট কমবে এবং পরিবেশবান্ধব নগর গড়ে উঠবে।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় স্টান্ট শো, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন। দৃষ্টিনন্দন পারফরম্যান্সে মুগ্ধ হন দর্শক ও অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ ও সায়েদ খান। এতে অংশ নেয় নড়াইল সাইক্লিস্ট, নওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট ও অভয়নগর সাইক্লিস্টসহ বিভিন্ন সংগঠন।
প্রতিযোগিতা শেষে আকিজ বাইসাইকেলের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানারআপকে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় রানারআপকে ১ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

