মো: আল-মাহফুজ শাওন,খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ ২০-২৫ জনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ এপ্রিল কুয়েট রোড এলাকায় বাদীর পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখিয়ে জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়।
এছাড়া বাদীর পিতার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মামলায় আরও দাবি করা হয়, প্রধান আসামি আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে আদালত মামলাটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
এর আগে একই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান বাদী।

