মো: আল-মাহফুজ শাওন
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল তফসিল প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ এপ্রিল সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে। এরপর একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পদগুলো হলো—সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।
সবশেষে ৩০ এপ্রিল বিকেল ৪টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

