মো: আল-মাহফুজ শাওনঃ
১৯৯৫ সালের এই দিনে আততায়ীর গুলিতে নিহত হন তিনি ও তার চালক মিকাইল
খুলনার পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শেখ আবুল কাশেমের মৃত্যুবার্ষিকী আজ (২৫ এপ্রিল)। ১৯৯৫ সালের এই দিনে দুপুরে খুলনা সদর থানার সন্নিকটে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি ও তার গাড়িচালক মিকাইল।
শেখ আবুল কাশেম খুলনার ঐতিহ্যবাহী শেরেবাংলা রোডের হাজী বাড়ির সন্তান। তার পিতা হাজী শেখ রায়হান উদদীন, যিনি ‘রাখাল হাজী’ নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন এক সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব।
মৃত্যুকালে তিনি জাতীয় পার্টির খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি খুলনা পৌরসভার একাধিকবার নির্বাচিত কমিশনার ও প্যানেল মেয়র, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি এবং খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও ছিল তার নিবিড় সম্পৃক্ততা।
১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর সারা দেশে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখন খুলনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির রক্ষায় শেখ আবুল কাশেমের সাহসী ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়।
আজ তার মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছেন।

