প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৬:৩৮ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৭:৪৪ পি.এম.

নড়াইলে ২৪ লাখ টাকার ৮ হাজার পিস ইয়াবাসহ দুই গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার দুপুরে নড়াইল সদর থানাধীন মালিবাগ মোড় বাসস্ট্যান্ড যাত্রীছাউনির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নড়াইল সদর উপজেলার দিঘলীয়া ভদ্রবিলা গ্রামের গণি সরদারের ছেলে মো. ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে মো. সুজন মোল্যা (৩৩)। তারা দুজনই পেশায় বাস শ্রমিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে নড়াইল থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামক একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১৯৬৫৮) তল্লাশি চালানো হয়। এসময় অভিযুক্ত ইয়াকুব সরদারের সাথে থাকা শপিং ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি জিপারযুক্ত পলি প্যাকেটে মোট ৮,০০০ পিস ইয়াবা এবং একটি ওয়ালটন অ্যান্ড্রেয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় নড়াইল সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।