এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা):
খুলনার কয়রা উপজেলায় লবণাক্ততাজনিত সুপেয় পানির সংকট মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান হিসেবে চারশ’টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ শুরু করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও ব্যবস্থাকেন্দ্রিক উপায়ে দুর্যোগ-কবলিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (স্কেল এলএলএ) প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
৩ সেপ্টেম্বর ২০২৬, সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের পরিদর্শন করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়নের ৪০০টি পরিবারের মধ্যে এই ট্যাংক বিতরণ করা হবে।
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে নিরাপদ ও সুপেয় পানির উৎস ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এবং ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে লবণাক্ত পানির অনুপ্রবেশ এই সংকটকে আরও তীব্র করে তুলছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সুপেয় পানির জন্য দূরবর্তী ও ভূগর্ভস্থ উৎসের ওপর নির্ভর করতে হয়, যার ফলে পরিবারের সদস্যদের—বিশেষ করে নারী ও শিশুদের—সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়। এই সংকট সমাধানে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে বৃষ্টির পানি সংরক্ষণকে কম খরচের ও টেকসই সমাধান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুই হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা শুষ্ক মৌসুমে প্রায় ১৬০ দিন পর্যন্ত নিরাপদ পানির চাহিদা মেটাবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ ও পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। সংস্থাটি ট্যাংক সরবরাহ করলেও পরিবারগুলো ভিটি তৈরি এবং পানি সংগ্রহের ব্যবস্থা প্রস্তুত করছে। এতে স্থানীয় মানুষের মালিকানা ও দায়িত্বশীলতা বাড়বে। পাশাপাশি ট্যাংক স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কারিগরি প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে। স্থানীয় জনসংগঠনের পক্ষ থেকে একটি পরিবীক্ষণ কমিটি এই কাজে নিয়োজিত রয়েছে।
স্থানীয় একজন উপকারভোগী বলেন, “বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা পাওয়ার ফলে আমাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট দূর হবে। শুষ্ক মৌসুমে আর দূরে পানি আনতে যেতে হবে না।”
উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ ১৯৯১ সাল থেকে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ ও সংবেদনশীল অঞ্চলে জরুরি ত্রাণ সহায়তা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে কাজ করে আসছে।