বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর যৌথ অভিযানে অনেক পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং জাল টাকাসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস বিফ্রি করে এই অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাট সদরের নাগেরবাজার সহ কয়েকটি এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি করে মাদক কারবার এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সময় ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫ টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পৃথক একটি অভিযানে বাগেরহাট সদর থানাধীন হযরত খান জাহান আলী (রঃ)-এর মাজার সংলগ্ন পুকুর পাড় এলাকা থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর কাজ চলছে।