প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:২৭ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ২৬, ২০২৬, ৯:৫০ পি.এম.

দৌলতপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন , খুলনাঃ

খুলনার দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে দৌলতপুর থানার দত্তবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি, একই এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন, মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার এবং বিমল রায়ের ছেলে সুজয় রায়।

র‌্যাব-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পাওয়ার পর বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল নগরীর দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি তরুণ সেনা রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাফর শেখের বাড়ির এক ভাড়াটিয়ার বাসা থেকে মমিসহ চারজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মেহেদী হাসান মমি দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। একইভাবে গ্রেপ্তার হওয়া তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা থাকার তথ্য জানা গেছে।

অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৬ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।