গভীর সমুদ্রে ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার নৌকা সহ ১২ জন জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি মাঝ সমুদ্রে ভাসতে থাকে।
পরে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে এই বিষয়টি জানায়। বোট মালিক দ্রুত কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে উদ্ধারের জন্য অনুরোধ করেন।
তথ্য পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা দ্রুত সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে গভীর সমুদ্রে ভাসমান বোট সহ ১২ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার এবং পানি দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বোট ও জেলেদের তাদের পরিবারের কাছে দিতে আইনি প্রক্রিয়া চলছে। সমুদ্রপথে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের এই উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে বলে তিনি জানিয়েছেন।