নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিচ ভলিবল প্রতিযোগিতা-২০২৬। মহিষখোলা ভলিবল একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে মাঠজুড়ে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উদ্দীপনা। বিভিন্ন স্তরের দর্শকরা উপস্থিত হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়কমহোশিত বিশ্বাস। মহিষখোলা ভলিবল একাডেমির সাধারণ সম্পাদক মো. আশরাফুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুধিষ্ঠির বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিচুর রহমান, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (BPDB) প্রকৌশলী মো. আনোয়ার বিন সাত্তার, ব্যবসায়ী ও প্রবাসী জিয়াউর রহমান, সাবেক নড়াইল জেলা ভলিবল খেলোয়াড় মেরিন এবং ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘নড়াইল এক্সপ্রেস’ ও ‘উদয়ন সংঘ’। শুরু থেকেই দুই দল দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। শেষ পর্যন্ত উদয়ন সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পায় ‘নড়াইল এক্সপ্রেস’।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আসা অতিথিরা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকায় ভলিবলের জনপ্রিয়তা বাড়ানো লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলেও তারা আশা প্রকাশ করেন।