বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের নিচ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আইন ও নিয়ম না মেনে নির্মাণাধীন কালভার্টের নিচ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে সংযোগ সড়কে। স্থানীয়রা বলেন, দীর্ঘ সময় ধরে এইভাবেই বালু তোলা হচ্ছে কিন্তু কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় একবাসিন্দা অভিযোগ করেন, নির্মাণাধীন ব্রিজের জন্য তাদের বাড়ির সম্পত্তি ব্যবহার হলেও যথাযথ ক্ষতিপূরণ মিলছে না। এর মধ্যে আবার কালভার্টের নিচ থেকে অবৈধ বালু তোলা হচ্ছে। এতে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানাচ্ছেন তারা।
এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী মনঞ্জুর রশিদের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে নির্মাণাধীন ব্রিজের ঠিকাদার রিপন মন্ডলের সঙ্গেও বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, নির্মাণকাজের একজন ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি নিজেকে ঠিকাদারের ম্যানেজার হিসেবে পরিচয় দিতে অস্বীকৃত করেন।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি সরেজমিনে দেখার ব্যবস্থা করছি।