খুলনার রূপসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ঠেকানো এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ চেকপোস্ট ও অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১০টি মোটরসাইকেল আটক করা হয়, তিনটির বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন মামলার চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে এবং গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে এ অভিযান ও চেকপোস্ট করা হয়।
খুলনার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, রূপসা থানার অফিসার ইনচার্জ, আরআরএফ খুলনা, পুলিশ লাইনস খুলনা এবং কেএমপি রূপসা থানা-ক্যাম্পের অফিসার ও ফোর্সের একত্রে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে আইচগাতী ইউনিয়নের আব্দুলের মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই করে মোট ১০টি মোটরসাইকেল আটক হয়। এর মধ্যে তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ মামলা করা হয়েছে।
এদিকে, চেকপোস্টের পাশাপাশি উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের আলাদা অভিযান চলে। অভিযানে এক বছরের জিআর সাজা ওয়ারেন্টের একটি, সাধারণ জিআর ওয়ারেন্টের তিনটি—মোট চারটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর এসব তথ্য নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ রোধে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের চেকপোস্ট ও অভিযান চালানো হবে।
তিনি বলেন, অপরাধী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে সড়কগুলোতে অবৈধ বা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এমন অভিযান ও চেকপোস্ট পরিচালনার ফলে রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।