প্রিন্ট এর তারিখ: অক্টোবর ২০, ২০২৬, ৮:৫৪ এ.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২৬, ১১:১০ পি.এম.

আন্তর্জাতিক যুব দিবসে নড়াইলে জামায়াতের যুব র‍্যালি ও সমাবেশ

নড়াইল প্রতিনিধি:

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ থিমকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে যুব র‍্যালি ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নড়াইল জেলা শাখার উদ্যোগে বুধবার এই কর্মসূচি আয়োজন করা হয়।

বিকালে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে রূপগঞ্জ বাজার ও হাতিরবাগান গোলচত্বর ঘুরে র‍্যালিটি পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এতে জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় একটি সমাবেশ হয়। জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের মেধা, দক্ষতা ও কাজের ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো দরকার। এজন্য তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ালে যুবসমাজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে। একে সঙ্গে তরুণদের মাদক, অপরাধ ও সন্ত্রাস থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই যুবকদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াত এবং যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক যুব দিনের কর্মসূচি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে যুবসমাজের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।