প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:১৩ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২৬, ৭:৪৩ পি.এম.

দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নির্বাচন, সভাপতি সালাউদ্দিন

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

দীর্ঘদিন পর আনন্দমুখর পরিবেশে খুলনা মহানগর হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো। সোমবার (১০ আগস্ট) পুরো দিন ধরে অনুষ্ঠিত নির্বাচনে হকারদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল।

এ নির্বাচনে সভাপতি পদে মো. সালাউদ্দিন কালে এবং সাধারণ সম্পাদক পদে মো. ছাননু নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণা পর নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য ও সমর্থকরা।

দীর্ঘদিন পর সংগঠনের নির্বাচন হওয়ায় নগরীর বিভিন্ন এলাকার হকারদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে প্রার্থীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হকাররা আগ্রহের সঙ্গে ভোটকেন্দ্রে চলে আসেন।

নির্বাচনের সময় যারা প্রার্থীদের সমর্থন করেছেন তাদের মধ্যে উৎসাহ থাকলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. সালাউদ্দিন কালে বলেন, হকারদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করতে চান। নগরীর হকারদের জীবনযাত্রা, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠনকে শক্তিশালী করার কথা জানান তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ছাননু বলেন, হকারদের একত্রিত করে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা হবে। সংগঠনের পরিচালনা সকলের মতামতের ভিত্তিতে হবে এবং হকারদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

হকার নেতারা জানান, নগরের অর্থনীতিতে হকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। নতুন নেতৃত্ব এই সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে—এমন আশা করছেন সংগঠনের সদস্যরা।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের সকল সদস্যের সঙ্গে মিলিত হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। একই সাথে, হকারদের স্বার্থ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তারা।

দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় খুলনা মহানগর হকার্স ইউনিয়নের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।