প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:৫৬ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২৬, ১২:৪২ পি.এম.

খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা শহরের সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে শিমুল (৪০) নামে এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ৬-৭ জনের একটি দল মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। একপর্যায়ে তারা হৃদয়ের বাড়ির দরজায় এসে টোকা দেয়। শিমুল দরজা খুললে দুষ্কৃতকারীরা তার ছেলে হৃদয়ের বিষয়ে তথ্য জানতে চায়। হৃদয় বাড়িতে নেই বললে তাদের মধ্যে উপস্থিত একজন গুলি করে।

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। তবে গুলিটি তার শরীর থেকে বের করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহতের স্বামী মুকুল বলেন, ‘সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে আমাদের দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান জানতে চায়। হৃদয় বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একজন আমার লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডান পাশে বিদ্ধ হয়।’

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে নানা স্থান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও বলেন, আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূলত ওই পক্ষটি ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে তথ্য পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।