খুলনায় দুর্বৃত্তদের হামলায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহত হন। গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর ফারাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এই হামলা ঘটে।
আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কাজ করছেন। হামলার পর স্থানীয়দের সাহায্যে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধায় অনিন্দ্য কুমার দাস নগরীর ফারাজীপাড়া এলাকার আকবর স্টোর থেকে বাজার করে বের হন। কিছুদূর যাওয়ার পর ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও মারধর করতে থাকে।
একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার চিৎকার ও স্থানীয়দের সামনে আসার কারণে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে, কী কারণে খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাসের ওপর এই হামলা হয়েছে, তা দ্রুত জানা যায়নি। হামলার সাথে জড়িতদের শনাক্ত ও ঘটনার আসল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সোনাডাঙ্গা মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, দুর্বৃত্তরা অনিন্দ্য কুমার দাসকে চড়-থাপ্পড় দিয়েছে। খবর পেয়ে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে কেন তার ওপর হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।