সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগণের ভূমি অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এবং সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল ইমাম আযম মনির, সুন্দরবন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম. এ. রশিদ, শ্যামনগর ক্যাথলিক মিশনের ফাদার লুই পাজ্জি, আদিবাসী মুন্ডা জনগণের প্রতিনিধিরা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং লিডার্সের কর্মকর্তারা।
আলোচনায় আদিবাসী মুন্ডা জনগণের প্রতিনিধিরা জানান, তাদের পূর্বপুরুষদের বসবাস ও চাষাবাদের জমির বেশিরভাগের বৈধ কাগজপত্র নেই, তাই দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা আছে। অনেক ক্ষেত্রে প্রভাবশালীরা জমি দখল করেছে, বন ও খাসজমির সমস্যা, জমির রেকর্ড এবং নামজারি সংক্রান্ত জটিলতা ভূমি বিরোধের দীর্ঘসূত্রতা এবং আইনি সহায়তার অভাবে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একই সাথে শিক্ষা, নিরাপদ আবাসন, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অভাব তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পথে বড় বাধা।
অংশগ্রহণকারীরা এসব সমস্যার সমাধানে ভূমির সঠিক জরিপ, মালিকানা নিশ্চিতকরণ, দ্রুত বিরোধ নিষ্পত্তি, প্রয়োজনীয় আইনি সহায়তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, আদিবাসী জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে আইন ও বিধি অনুযায়ী উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। বিশেষ অতিথিরাও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
আলোচনার শেষে অংশগ্রহণকারীরা মুন্ডা জনগণের ভূমি অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার, প্রশাসন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।