মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান দিয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, “মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বনদস্যু নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।” অপরাধীদের যথার্থ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) খুলনার কয়রা থানা আয়োজিত একটি সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই মোঃ সোহাইল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সংগ্রামী মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপি নেতা এম এ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম মাওলা বকস এবং কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।