রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগ (কেবিপিএল) ২০২৬-এর অনুষ্ঠান সূচনা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫ টায় শ্যামনগরের কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির পরিচালনায় এবং জলিল মোড় সংলগ্ন বালুর মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে সুন্দরবন প্রেস ক্লাব ও স্বাধীন ব্রাদার্স ইউনাইটেড ১-১ গোলে ড্র করে।
খেলা শুরুর আগে একটি দৃষ্টিনন্দন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীদের সুন্দর নৃত্য দর্শকদের মুগ্ধ করে। একই সাথে গ্রাম বাংলার ভাবমূর্তি তুলে ধরার জন্য ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে অসাধারণ উদ্দীপনা তৈরি করে।
উদ্বোধনী ম্যাচে দুই দল শুরু থেকেই আক্রমণ করেন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করলে ম্যাচটি ১-১ ড্র হয়। দুই দলের খেলোয়াড়দের দক্ষতা, দ্রুত আক্রমণ ও লড়াকু মনোভাব দর্শকদের আকৃষ্ট করে। স্বাধীন ব্রাদার্স ইউনাইটেডের হয়ে গোল করেন আমিনুর রহমান এবং সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষে একমাত্র গোল করেন মো. সাকিব।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে মো. শরিফুল ইসলাম বক্তব্য দেন, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফারিজ এসোসিয়েশনের সদস্য এম. এম মজনু-ই-এলাহী, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন। আরো অনেকে উপস্থিত ছিলেন, যেমন সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম মাসুম বিল্লাহ, স্থানীয় বিএনপি নেতা নুর ইসলাম সরদার, আলহাজ্ব মোজাম্মেল হোসেন, শিক্ষক রিয়াজ হোসেন।
এছাড়া স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা, গন্যমান্য ব্যক্তিরা এবং অনেক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবকদের মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি আগ্রহী করা, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের বিকাশ ঘটানো এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এই টুর্নামেন্টের লক্ষ্য। খেলাটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর আলম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির প্রধান সমন্বয়ক স. ম ওসমান গনী সোহাগ।
আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৪টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জীম এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা রয়েছে।