সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি সংবাদ ও বিভিন্ন পোস্টে নিজের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাটের রামপাল গিলাতলা এলাকার নূর মোহাম্মদ।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে নূর মোহাম্মদ দাবি করেন, তিনি গিলাতলা মৌজায় অবস্থিত একটি ক্রয়কৃত সম্পত্তির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে সম্পত্তিটি ভোগদখলে রয়েছেন। কিন্তু তার প্রতিপক্ষ মুরারি মোহন পাল ও তুষার পাল ওই সম্পত্তির ওপর ভিত্তিহীন দাবি তুলে বিভিন্ন ব্যক্তি ও অনলাইন কনটেন্ট নির্মাতাদের মাধ্যমে তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, ”প্রতিপক্ষ যে জমির দাবি করছেন, তা বিশ্বনাথ পালের ছেলে পরিচয়ে নারায়ণ চন্দ্র পালের কাছ থেকে ক্রয় করা হয়েছে। অথচ বিশ্বনাথ পালের কোনো সন্তান ছিল না। ফলে নারায়ণ চন্দ্র পালের নামে সম্পাদিত দলিল ভুয়া ও জাল বলে তিনি অভিযোগ করেন।”
নূর মোহাম্মদ বলেন, ”ওই সম্পত্তি নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। এমন পরিস্থিতিতে আদালতের নিষ্পত্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ব্যক্তিগত মান-সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।”
তিনি সংশ্লিষ্ট সকলকে বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আদালতের চূড়ান্ত রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন।