সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনের উদ্দেশ্যে ৫ বছর মেয়াদি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এই সভা আয়োজন করে। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর অর্থায়নে গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান, সাংবাদিক এম. এ. রশিদ, সাত-আইসিডিপি প্রকল্পের ব্যবস্থাপক সমুয়েল স্যাগমা, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা।
| চুনারুঘাটে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ |
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ফেইথ ইন এ্যাকশনের কর্মকাণ্ড বাস্তবসম্মত এবং জনকল্যাণমূলক। বিশেষ করে সেফগার্ডিং কার্যক্রম গাবুরায় অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে করেনি। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ ও সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে আয় বৃদ্ধি এবং সংস্থার কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।
উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম অন্যান্য সংস্থার তুলনায় বেশি বাস্তবসম্মত। প্রশিক্ষণের মাধ্যমে লাভ করা জ্ঞান মানুষের জীবনমান উন্নয়নে সাহায্য করবে।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল বলেন, প্রকল্পটি গাবুরার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের মানসিকতা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে গাবুরার টেকসই উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।