প্রিন্ট এর তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৫:২৭ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২৬, ৭:২৯ পি.এম.

নতুন ভবনে কার্যক্রম শুরু করল খুলনার লবণচরা থানা

মো: আল-মাহফুজ শাওনঃ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা দীর্ঘসময় ভাড়া ভবনে চলার পর এখন নিজেদের নতুন আধুনিক ভবনে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় নবনির্মিত লবণচরা থানার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন জনাব একেএম আওলাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, অতিরিক্ত আইজিপিকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে অতিরিক্ত আইজিপি ফিতা কেটে নতুন থানার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি থানার আঙ্গিনায় একটি রুদ্র পলাশের চারা রোপণ করেন। পরে নবনির্মিত ভবনের বিভিন্ন জায়গা পরিদর্শন করে অফিসার ইনচার্জের অফিস, বিভিন্ন দপ্তর, থানার ব্যারাকসহ সম্পর্কিত কক্ষগুলি দেখেন। এছাড়া থানায় সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

কেএমপি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লবণচরা থানা একটি ভাড়া ভবনে কাজ চলছিল। নিজস্ব ভবনে স্থানান্তরের ফলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিকল্পনা নিশ্চিত হবে এবং আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে জনসেবা আরও ভালো হবে বলে আশা করছে কেএমপি।

আরোও পড়ুন

খুলনার আড়ংঘাটায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অনুষ্ঠানে আরও ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) জনাব এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্-ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন স্থানে লবণচরা থানার কার্যক্রম শুরু হওয়াকে খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা