নড়াইল শহরের চিত্রা সেতুর প্রবেশমুখে লোহার উচ্চতা নিয়ন্ত্রণের বারে (হাইট ব্যারিয়ার) ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে পড়ে গিয়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছে। এই ঘটনায় মিলন খান নামে এক আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল শহরের চিত্রা নদীর ওপর চিত্রা সেতুর প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রুকন কাজীর ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা ও পুলিশ জানান, মনির কাজী নিজের বাড়ি থেকে নসিমনের ওপর দাঁড়িয়ে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নসিমনটি নড়াইল সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় বড় যানবাহন নিয়ন্ত্রণে থাকা লোহার উচ্চতা নিয়ন্ত্রণ বারে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি এবং সাথে থাকা মিলন খান চলন্ত নসিমন থেকে পড়ে সড়কে পড়েন।
| নড়াইলে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত |
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম করেছে। পরে নিহতের শরীর পরিবারের কাছে দেওয়া হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।