লবণাক্ত উপকূলের মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে বৃষ্টির পানি সংগ্রহের মাধ্যমে পানির সমস্যা সমাধানে অসচ্ছল পরিবারের মাঝে এই ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজীব আল রশিদ, উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় বক্তৃতায় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সুপেয় পানির অভাবে থাকা উপকূলের মোংলা ও রামপালের দরিদ্র মানুষের মাঝে আপাতত ৩ হাজার পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার ৮২টি ট্যাংক বিতরণ করা হয়। এখানে লবণের পানিতে ভরতি, কোথাও তেমন মিষ্টি পানির উৎস নেই।
তাই বৃষ্টির পানি সংরক্ষণে এই ট্যাংক দেয়া হচ্ছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ধাপে ধাপে উপকূলের সব ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে। কারণ এখানে টিউবওয়েলের পানি ও লবণাক্ত। তাই সুপেয় পানির চাহিদা মেটাতে এলাকার সব সরকারি পুকুর মেরামত করা হবে। সেগুলো সুপেয় পানির ঘাটিতে পরিণত করা হবে। এসব পুকুরে কেউ মাছ চাষ করতে পারবেনা।
| নড়াইলে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করল ছাত্রশিবির |
পরে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউ টিন এবং নগদ অর্থ বিতরণ করেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।