প্রিন্ট এর তারিখ: জুলাই ২৮, ২০২৬, ৬:০৩ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২৬, ৮:২৭ পি.এম.

খুলনার লবণচরায় পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওনঃ

খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরা হয়েছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির পক্ষ থেকে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

ধরা পড়া সন্ত্রাসীরা হলেন- নাজিম বা নাদিম (৩০), পিতা- শাহজাহান, সাং- আমতলা এবং মো. মাসুদ রানা (৩৭), পিতা-আব্দুর রহমান মিয়াজি, সাং- ইসলামপাড়া। তারা দুজনেই খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

র‍্যাব-৬ এর সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি বিশেষ অভিযানের দল ইসলামপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে নাজিম বা নাদিম এবং তার সহযোগী মাসুদ রানাকে ধরা হয়।

পরে ধরা পড়া নাজিমের বাসায় তল্লাশি করা হয়। তখন তার দেয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়।

আরোও পড়ুন

১০ আগস্ট খুলনা মহানগর হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ জানায়, র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরা ছাড়াও অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ধরা পড়া দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু হওয়ার পর উদ্ধারকৃত আলামতসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।