পরিবেশ সুরক্ষা, নগর সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নাগরিক ফোরাম খুলনার উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপণের কাজ ও আনন্দমুখর র্যালির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে নগরীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ কর্মসূচি ও আনন্দমুখর র্যালির শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি স্বাস্থ্যকর, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
| সবুজ ও বাসযোগ্য নগর গড়তে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি |
কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের পাশে, খালি জায়গা ও উপযুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং পরিবেশপ্রেমীরা অংশ নেন। পরে একটি আনন্দমুখর র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ”শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। নগরবাসী, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগে খুলনাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
নাগরিক ফোরাম খুলনার পক্ষ থেকে নগরবাসীকে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।