জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের জন্য প্রস্তুতি নেওয়া এবং স্থানীয় জনগণের অভিযোজন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে শ্যামনগরে লিডার্সের উদ্যোগে একটি উপজেলা ভিত্তিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে (আই সি আই এম ও ডি) এর ব্যবস্থাপনায় ইউরোপীয় ইউনিয়ন (ই ইউ) দ্বারা অর্থায়ন এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউ এন ই পি) কারিগরি সহায়তায় চলমান প্রোঅ্যাক্ট প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লিডার্স নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ মাস্টার নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হাসান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং জনগণের কার্যকর অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগণের দুর্যোগ মোকাবিলার ক্ষমতা বাড়াতে এবং টেকসই উন্নয়নে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। আরও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সুশীল সমাজের সদস্য, কমিউনিটি নেতা এবং অন্যান্য অংশীজনও সভায় উপস্থিত ছিলেন।
বাগেরহাটের শরণখোলায় চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এ. বি. এম. জাকারিয়া। তিনি জানান, প্রোঅ্যাক্ট প্রকল্পের আওতায় জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন, অংশগ্রহণমূলক স্থানীয় অভিযোজন পরিকল্পনার (এল এ পি এ) তৈরি, প্রকৃতি-ভিত্তিক সমাধান কার্যকর করার, কমিউনিটি ও স্থানীয় প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়ানোর, টেকসই জীবিকা উন্নয়ন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জলবায়ু সংক্রান্ত দুর্যোগের ক্ষতি কমানো এবং উপকূলীয় জনগণের সহনশীলতা বাড়ানো সম্ভব হবে।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় একত্রিত পরিকল্পনা, স্থানীয় জ্ঞান এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার ও কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মো. মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভার শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়, যাতে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত হয়।