এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধিঃ
খুলনার উপজেলা কয়রার সদর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের গোবরা গ্রামের গুচ্ছ পাড়া এলাকায় মাদকবিরোধী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় তিন তরুণ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গোবরা গ্রামের গুচ্ছ পাড়া মহল্লা থেকে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
অনুসন্ধানে দেখা গেছে, গতকাল বিকেলে আসরের নামাজের পর গোবরা গুচ্ছ পাড়ার খেলার মাঠে স্থানীয় তরুণ শাহরিয়ার নাফিজ, সোয়াইব আলী এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম খেলাধুলা করছিল।
“এ সময় মাঠের আশেপাশে অপরিচিত কিছু ব্যক্তির চলাফেরায় মাঠে খেলারত কিশোরদের সন্দেহ হয়। এ সময় তারা অত্যন্ত চতুরতার সাথে ওই ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে এবং তাদের পিছু নেয়।”
একপর্যায়ে মাদক কেনাবেচা এবং অর্থ লেনদেনের সময় শাহরিয়ার নাফিজ, সোয়াইব আলী ও মোহাম্মদ রাকিবুল তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে মাদক বিক্রেতা জাহিদুল ও ক্রেতা উভয়কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটকের পর অপরাধীরা ছাড়া পাওয়ার জন্য নানামুখী পদক্ষেপ শুরু করে এবং স্থানীয় প্রভাবের হুমকি প্রদান করতে থাকেন। অবরুদ্ধ ব্যক্তিরা স্থানীয় পাওয়ার দেখিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে কয়রা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় যুবকদের হেফাজতে থাকা মাদক কারবারিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং গাজা বিক্রির সরঞ্জাম জব্দ করে।
”পরবর্তীতে পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই মাদক ক্রেতার বাড়িতে এক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ক্রেতার বাড়ি থেকে মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজনের যন্ত্রসহ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট আরও কিছু আলামত ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।”
যুবসমাজের এমন দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজ এভাবে এগিয়ে এলে সমাজ থেকে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব।
তারা আটককৃতদের কঠোর শাস্তির দাবি জানান। কয়রা থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।