প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১২:৪৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২৬, ১১:০৪ পি.এম.

বাগেরহাটের শরণখোলায় চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার একটি বাড়ির নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, নিহত দম্পতির মধ্যে অভাবের কারণেই প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ”মরদেহের পাশ থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, আমি কবির এবং আমার স্ত্রী হালিমা মানসিক চাপ সইতে না পেরে চলে যাচ্ছি। তবে চিঠিটি নিহতদেরই লেখা কি না, তা নিশ্চিত হতে অধিকতর তদন্তের স্বার্থে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।”

তিনি আরও জানান, ”ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”