আল মাহফুজ শাওনঃ
সরকার খুলনা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে।
রোববার (১৩ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৩(১) অনুসারে মোহাম্মদ মনিরুজ্জামানকে তিন বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক অভিজ্ঞতা ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় জড়িত থাকায় সংশ্লিষ্টরা তাঁর এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন পারভীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অফিসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খুলনা ওয়াসার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং নাগরিক সেবার মান আরো উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা রয়েছে।