মো: আল-মাহফুজ শাওনঃ
খুলনা মহানগরীর মোস্তফার মোড় এলাকায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৩ জুলাই) বিপুল সংখ্যক পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার সদস্যদের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের স্বার্থে পুরো এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশও সীমিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। কর্দমাক্ত মাটি ও প্রতিকূল পরিবেশের কারণে মরদেহটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় মাটির নিচ থেকে তুলে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। তবুও উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে নিহতের পরিচয় শনাক্ত এবং কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং আলামত বিশ্লেষণের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।