প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ২:৪৫ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২৬, ৮:৩৯ পি.এম.

নিরালায় কন্যা হত্যা মামলায় আদালতে মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগরীর নিরালা এলাকায় নিজ কন্যাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা শিমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) খুলনার বিচারিক আদালতে তাকে হাজির করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মা শিমাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ ও বক্তব্যে অসংগতি দেখা দিলে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে মামলার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।