মোঃ আব্দুল্লাহ শেখ , বাগেরহাট প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কার্বন শোষণ বৃদ্ধির লক্ষ্যে অপরাজেয় দেশ প্রকল্পের উদ্যোগে মোট ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বাগেরহাটের রামপালে গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উপকারভোগী এবং ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি তার বক্তব্যে বলেন,”আমরা জানি আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী উনি সারা বাংলাদেশে আমাদের বৃক্ষরোপণের একটা চমৎকার উদ্যোগ হাতে নিয়েছেন। সেইটিরই অংশ হিসেবে ব্রাক এই গাছ রোপণ করছেন। তারা প্রত্যেক পরিবারে ১০ টা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ৪০ টা বিতরণ করছে। গাছ দেওয়ার মাধ্যমে যেহেতু এইটা আমাদের উপকূলীয় এরিয়া । উপকূলীয় এলাকা হওয়ার কারণে এই গাছগুলো রোপণের মাধ্যমে আমাদের এলাকার যে মাটির লবণাক্ততা সেটা একটু কমে যাবে এবং যেকোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগে এই এলাকা মোকাবিলা করতে সক্ষম হবে। এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।”
উল্লেখ্য, অপরাজেয় দেশ উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিচালিত একটি সমন্বিত কর্মসূচি। ২০২৫ সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) এবং ব্ল্যাক ব্যাংক-এর অংশীদারত্বে বাগেরহাটের রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় প্রকল্পটি চালু হয়।
সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, জলবায়ু উপযোগী কৃষি সম্প্রসারণ এবং পরিবেশগত টেকসইতা নিশ্চিত করার মাধ্যমে প্রকল্পটি বর্তমানে প্রায় ৪৬ হাজার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।