প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২৬, ৪:৪৭ পি.এম.

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

মো: সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পবিত্র মহররম মাস ও ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাত দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এইবারও রোববার ১০ মহররম, সমাপনী দিনে, দরবার শরীফে হাজার হাজার ভক্ত ও মুরিদদের উপস্থিতি ঘটে।

মাহফিলের সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর এবং বাংলাদেশ আঞ্জুমানে ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী, যিনি তরিকতের শিক্ষাদান ও মূল্যবান  উপদেশ প্রদান করেন। রাতভর পবিত্র আশুরা, আহলে বায়াত ও শোহাদায়ে কারবালার স্মৃতির উদ্দেশ্যে দেশবরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ করেন।

পীর সাহেব ফান্দাউকী হুজুর বলেন, পবিত্র ইসলাম হচ্ছে শান্তি ও মানবতার ধর্ম। আমাদের প্রিয় নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবাগণ,  আউলিয়াগণসহ বিশিষ্ট মনীষীরা যুগের পর যুগ মানুষের কল্যাণের আহ্বান জানিয়েছেন। তেমনি, ইমাম হোসাইন (রা.) এবং আহালে বাইত রাসূল (সা:) এর দর্শন শান্তি প্রতিষ্ঠা এবং কল্যাণ ও ইনসাফের আদর্শকে সমুন্নত রাখতে উৎসাহিত করেছে।

দরবার শরীফের পীরজাদা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী এবং পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর তত্ত্বাবধানে পহেলা মহররম থেকে নয় মহররম পর্যন্ত খতমে কুরআন, খতমে খাজেগান, আহলে বাইতের সীরত বয়ান, মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিদিনের কার্যক্রম সম্পন্ন হয়।

অন্যদিকে, দশদিন ব্যাপী মাহফিলে দেশবরেণ্য ইসলামিক স্কলার এবং পীর মাশায়েখ আহলে বায়তে রাসূলের সম্মান, মর্যাদা  প্রেম ও মহব্বত নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।