প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৬, ৩:৫৬ পি.এম.

মাদারীপুরে পালিত হলো মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬

মো. রেজাউল করিম, জেলা প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টাতে জেলা প্রশাসন, মাদারীপুর এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া।

তিনি প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, “মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী—দুই পক্ষই অপরাধী। তারা সমাজের জন্য এক কালিমারূপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাদক ব্যবসায়ীদের ধরা করেন।

তবে তাদের যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারেন, সে বিষয়ে সকলের অধিক সচেতন হওয়া প্রয়োজন।” তিনি বিচারক এবং আইনজীবীদেরও মাদক মামলা সংক্রান্ত জামিন প্রক্রিয়ায় সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরিফুল আবেদীন কমল।

সভাপতির ভূমিকা পালন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মার্জিনা আক্তার।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।