প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৭:৫৩ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৬:১৫ পি.এম.

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার জরিমানা

মো: জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি রাজবাড়ী:

রাজবাড়ী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের দ্বারা।

রোববার (২১ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী শহরের পাবলিক হেলথ ও বড়পুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান।

সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামানের তত্ত্বাবধানে রাজবাড়ী সদর হাসপাতাল রোড, পাবলিক হেলথ এবং বড়পুলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় সাদিক ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক পরীক্ষায় ব্যবহৃত রিঅ্যাজেন্টের গায়ে লেভেল না থাকা কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারার অধীনে ২ হাজার টাকা জরিমানা করা হয়, একই কারণে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা এবং প্রতিশ্রুত সেবা প্রদান না করার কারণে, হাসপাতালের পরিষ্কারের মান সন্তোষজনক না থাকার জন্য, আবাসিক মেডিকেল অফিসার অনুপস্থিত থাকার জন্য আরোগ্য ক্লিনিক মালিককে ৫৩  ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান মন্তব্য করেন, জনগণের স্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক  সেন্টারসমূহকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মোবাইল কোর্টের কার্যক্রমে সহায়তা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সোহেল শেখ, প্রসিকিউটর হিসেবে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্যকুমার প্রামানিক এবং পুলিশ বাহিনীর একটি টিমের নেতৃত্ব দেন মো. রাজু সেখ।