মোঃ রেজাউল করিম, জেলা প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুরের শিবচর এলাকায় দুই দিন নিখোঁজ থাকার পরে পুলিশ সজীব বেপারী নামের (২৭) একজন যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে।
আজ রবিবার (২১ জুন) সকালে বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে এই মৃতদেহটি বের করা হয়। মৃত সজীব বেপারী বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সজীব শুক্রবার দুপুরের পরে নিখোঁজ হয়ে যায়। তার পরিবার সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পেয়ে শেষে তারা শিবচর থানার পুলিশকে এই বিষয়ে অবহিত করে।
আজ রবিবার সকালে স্থানীয়রা বাজিতপুর গ্রামের একটি বাঁশ ঝাড়ে সজীবের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য এই মৃতদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পিছনে হত্যা না আত্মহত্যা, সেটি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, “সংবাদ পাওয়ার পর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বের হবে। পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।