প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৭:৫৮ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২১, ২০২৬, ৮:০০ পি.এম.

গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই প্রকল্পের অধীনে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

শিশুদের নানারকম অপুষ্টির ঝুঁকি কমিয়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগ নিয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে গোপালগঞ্জের সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, জেলার পাঁচটি উপজেলায় ১ হাজার ৬৮৪টি কেন্দ্রে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ  করা হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের চোখের সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অপুষ্টিজনিত সমস্যা ও মৃত্যুর ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিনি শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান যে, যেন কোন শিশু এই কার্যক্রমে বাদ না পড়ে।

তিনি ক্যাম্পেইনের সফলতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনাও করেন এবং অভিভাবকদের  ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার জন্য নির্ধারিত কেন্দ্রে শিশুদের নেওয়ার জন্য উৎসাহিত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ূন রশিদ, মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি আজিজুর রহমান রনি, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান এবং সাধারণ সম্পাদক এম রহমান মাহমুদও রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এই জাতীয় কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিটি শিশুর সুস্থতা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বক্তাগণ বলেন, আজকের শিশু আগামী দিনের আভা। আমরা নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই আমাদের অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করবো, ইনশাআল্লাহ!