প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৮:০৩ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২১, ২০২৬, ১১:৩৯ এ.এম.

গোপালগঞ্জে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম. টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), গোপালগঞ্জের জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে জেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ-২ আসনের এমপি এবং অভিজ্ঞ চিকিৎসক ডা. কে এম বাবর। সভাপতির দায়িত্ব পালন করেন জেলা শাখার সভাপতি ডা. বি এম মনিরুজ্জামান এবং অনুষ্ঠানটি উপস্থাপন করেন ডা. গৌতম কুমার বাগচী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মো. মুরসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল), গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

প্রধান অতিথির কথায় ডা. কে এম বাবর উল্লেখ করেছেন, “গোপালগঞ্জে বর্তমানেও যথেষ্ট আধুনিক এবং মানসম্মত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়নি। এর কারণে গুরুতর রোগে আক্রান্ত কিছু রোগীকে উন্নত স্বাস্থ্যসেবার জন্য খুলনা বা ঢাকা যেতে বাধ্য হতে হয়। এর ফলে রোগীর পরিবারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হয় এবং অনেক সময় রোগীর অবস্থার অবনতি ঘটে।”

তিনি আরও বলেছেন, “জেলায় আধুনিক ও উন্নত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। যথাযথ অবকাঠামো, সক্ষম কর্মীবাহিনী এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংমিশ্রণের মাধ্যমে গোপালগঞ্জে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এতে স্থানীয় লোকদের চিকিৎসার জন্য বহু দূরে যেতে হবে না।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ময়েনুর রহমান হিটু।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোকে পূরণ করেছেন— সহ-সভাপতি ডা. বি এম মনিরুজ্জামান, ডা. গৌতম কুমার বাগচী ও কাজী শাহিনুর রশিদ শাহিন; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মুনীর; কোষাধ্যক্ষ মো. আব্দুল আলিম; সাংগঠনিক সম্পাদক মিন্টু শিকদার; দপ্তর সম্পাদক ডিএইচএম তোফাজ্জল হুসাইন; সমাজকল্যাণ সম্পাদক আবু ওবায়েত মোল্লা এবং প্রচার সম্পাদক তন্ময় কুমার বালা মিহির। নবনির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার সংকল্প করেছেন।

অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিত্ব, এস,এম, আজিজুর রহমান বেনা জেলা বিএনপি, শিকদার শহিদুল ইসলাম লেলিন সভাপতি সদর বিএনপি, সাজ্জাদ হোসেন হিরা আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, রিয়াজ উদ্দিন লিপটন সভাপতি জেলা যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।