Site icon দৈনিক নবদিগন্ত

রাজবাড়ীতে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী জেলা সংবাদদাতা:

রাজবাড়ীতে গত ১৩ জুন একজনের বিরুদ্ধে মিছিলের অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করার পর পুলিশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৪ জুন) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ এ কথা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মো. আ. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নাহিদ মিয়া (২৪) এবং শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মো. নাসির শেখ (৬৪)।

পুলিশের সূত্রমতে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া অঞ্চলে রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে প্রায় ৩০ থেকে ৩৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্য খোদ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিয়ে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি মিছিল বের করেন।

এ সময় তাদের হাতে ছিলো ব্যানার এবং ফেস্টুন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, রাজবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলছে।

Exit mobile version