কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
রাজধানীর কাফরুল এলাকার শেওড়াপাড়ায় একটি রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাঁচগাতিয়া গ্রামের পুত্রবধূ মিতু, তার স্বামী পিকআপ চালক আনোয়ার হোসেনের অনুপস্থিতিতে বাসা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মিতু পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী এলাকার বাচ্চু মিয়ার কন্যা।
এদিকে স্ত্রীর এ কাজের সংবাদ পেয়ে চালক আনোয়ার হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, কটিয়াদী উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন দীর্ঘকাল ধরে রাজধানীর বিভিন্ন স্থানে পিকআপ চালিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জিত টাকা স্ত্রীর কাছে রাখতেন। সম্প্রতি তার স্ত্রী মিতু রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া এলাকায় আনোয়ারের বোনের ভাড়া করা বাড়িতে থাকতেন। গত ১৭ মে রবিবার রাত আনুমানিক ৩টার দিকে আনোয়ারের স্ত্রী বাড়িতে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ১ লাখ টাকার মূল্যমানের স্বর্ণালঙ্কার নিয়ে কোনো কিছু না বলেই নিখোঁজ হয়ে যান।
এ বিষয়ে স্বামী আনোয়ার হোসেন বলেন, আমার স্ত্রী মিতুর সঙ্গে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া গ্রামের এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তবে ওই প্রেমিককারের নাম আমি জানি না। আমি প্রশাসন থেকে সঠিক বিচারের আবেদন করছি।
স্বজনদের অভিযোগ, ওই নারী উদ্দেশ্য নিয়ে এই টাকা ও গহনা চুরি করে একটি অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছেন। ঘটনার পর থেকে তার সমস্ত মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

