কিশোরগঞ্জ প্রতিনিধি:
দেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম পবিত্র ঈদুল আজহার জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ জামাত সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বহুমাত্রিক প্রস্তুতি।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকা কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠ ও এর আশপাশে দায়িত্ব পালন করবেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
তিনি আরও জানান, মুসল্লিদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের প্রতি কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। জায়নামাজ ছাড়া ছাতা, ব্যাগ, লাঠি বা ধাতব বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা চেকপোস্টে সময়মতো উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার বলেন, “শোলাকিয়ায় আগত প্রতিটি মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ঈদ জামাত উপহার দিতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

