মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদর ইউনিয়নের ভূমি অফিসের দাবি করা অবৈধ কর্মচারী জাবেদের বাসায় বিয়ের দাবিতে কলেজ শিক্ষার্থী আশা আক্তারের অনশনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, আশা আক্তার (১৮) দীর্ঘ সময় ধরে জাবেদের সঙ্গে প্রেম সম্পর্ক থাকার দাবি করেছেন। বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাবেদ বিয়ের ব্যাপারে অসহযোগিতা শুরু করলে ক্ষুব্ধ হয়ে আশা আক্তার তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতে শুরু করেন।
অনশনরত আশা আক্তার অভিযোগ করেন,
“জাবেদ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুদিন ধরে সম্পর্ক রেখেছে। কিন্তু এখন সে আমাকে উল্টো ফেরাতে চাইছে। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানে থেকে যাব।”
অভিযুক্ত জাবেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকায় খোকন মিয়ার ছেলে। অপরদিকে, অভিযোগকারী কলেজছাত্রী আশা আক্তার একই ইউনিয়নের কলাপাড়া এলাকার ফরিদ মিয়ার নাতনি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ জাবেদের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে। ঘটনার বিষয়ে এলাকায় যথেষ্ট আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিষয়টির সমাধানে উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, জাবেদের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিষয়টি পরিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
জাবেদের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এছাড়া, উল্লেখযোগ্য যে, জাবেদ অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘকাল ধরে কর্মরত থাকলেও, তার নিয়োগের বৈধতা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেছেন, “অবস্থাটি পারিবারিকভাবে সমাধানে চেষ্টা করা হচ্ছে।”

