Site icon দৈনিক নবদিগন্ত

গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত, তিন শিশু রয়েছে

গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত, তিন শিশু রয়েছে

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তার তিন কন্যা মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ফোরকান মিয়াকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে অভিযান চলছে।

পরিবারটি রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ফোরকান মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version