Site icon দৈনিক নবদিগন্ত

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার

নবগঠিত কমিটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে জেলা ছাত্রদল। নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ-কে অভিনন্দন জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বিকেলে শহরের গৌরাঙ্গ বাজার এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

মিছিলজুড়ে ছিল স্লোগান, করতালি ও উৎসবমুখর পরিবেশ। জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুনে নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও জানান, প্রতিটি উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আগামী দিনে আরও শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Exit mobile version