ডিআইইউ প্রতিনিধি, শহিদুল ইসলাম সোহেল:
কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও স্মার্ট প্রযুক্তিকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬’।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের যাত্রা শুরু হয়, যা চলবে ৮ মে পর্যন্ত। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ৫০টিরও বেশি দেশের গবেষক অংশ নিচ্ছেন। মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে কঠোর বাছাই শেষে ২৫২টি গৃহীত হয়েছে। সম্মেলনের অ্যাকসেপ্টেন্স রেট ৩৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের গবেষণা সম্মেলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ট্রাস্টওয়ার্দি এআই, বাংলা এনএলপি, সাইবার সিকিউরিটি, আইওটি, স্মার্ট এগ্রিটেক, নবায়নযোগ্য জ্বালানি ও অটোনোমাস ট্রান্সপোর্টসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা চলছে।
আয়োজনে রয়েছে ৩৩টি টেকনিক্যাল সেশন, ৭টি কীনোট স্পিচ ও ২টি ইনভাইটেড টক, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে মতবিনিময় করছেন।
সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক স্বীকৃত প্রকাশনা সংস্থা অ্যাটলান্টিস প্রেস, টেইলর অ্যান্ড ফ্রান্সিস এবং স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি তখনই সফল হবে, যখন তা দেশের বাস্তব উন্নয়নে কাজে লাগবে। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ৮ মে বিকেলে অনুষ্ঠিত হবে।

