Site icon দৈনিক নবদিগন্ত

মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারে থানা, ফাঁড়ি ও ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারে থানা, ফাঁড়ি ও ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

মো: আল-মাহফুজ শাওন

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

মঙ্গলবার দিনব্যাপী তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনে তিনি অপরাধ দমন কার্যক্রম, জনসেবা প্রদান, নিরাপত্তা ব্যবস্থা ও দৈনন্দিন কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা, ছুটি ও যানবাহন সুবিধাসহ কল্যাণমূলক বিষয়গুলোতেও খোঁজ নেন।

পুলিশ সুপার বলেন, সদস্যদের মনোবল ও দক্ষতা বাড়াতে তাদের কল্যাণ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, চোরাচালান প্রতিরোধে নজরদারি বাড়ানো এবং বিভিন্ন অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, সেবা প্রত্যাশীদের অভিযোগ দ্রুত গ্রহণ ও হয়রানিমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই পুলিশি কার্যক্রম আরও কার্যকর হবে।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ধরনের তদারকি কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version